স্টাফ রিপোর্টার, গাজীপুর: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের আলিম পরীক্ষায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী অতীতের ধারাবাহিকতায় এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে। এ মাদ্রাসা থেকে ১৩১৩ জন অংশগ্রহণকারী আলিম পরিক্ষার্থীর মধ্যে ৮৮৬ জনই ‘এ’ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। ঈর্ষণীয় এই ফলাফলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরোও বলেন, দেশে যখন ইসলামি শিক্ষা ব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্নতা তৈরি হয়েছে তখনও তা'মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রুতিতে ২০২৪- ২০২৫ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় ১৯০০ জন ছাত্র-ছাত্রী তা'মীরুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হয়েছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় তিনি আল্লাহ তায়ালার নিকট তাওফীক ও দেশবাসীর কাছে দু'আ কামনা করেন।

Post a Comment