মঞ্চ প্রস্তুত ছিল। প্রায় এক মাস আগে থেকে গুঞ্জনটাও ছড়িয়ে পড়েছিল। ভিনিসিয়ুস জুনিয়রই জিততে যাচ্ছেন ব্যালন ডি’অর, কথাটা বেদবাক্যের মতো খোদাইও করে দিয়েছিল মার্কাসহ একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার কারণেই মূলত এই স্বীকৃতি। সময় যত ঘনিয়ে আসছিল, ব্রাজিল ও রিয়ালের সমর্থকদের উত্তেজনা ততই বাড়ছিল। ১৭ বছর পর কোনো ব্রাজিলিয়ান এই পুরস্কার জিততে যাচ্ছেন, তাই উত্তাপটা একটু বেশি থাকাই তো স্বাভাবিক ছিল।
কিন্তু পুরস্কার দেওয়ার দিন অর্থাৎ গতকাল বিকেলের পর থেকে ধীরে ধীরে বাতাসের গতি পাল্টাতে শুরু করে। সন্ধ্যা পেরোতেই যেন ঘূর্ণিঝড় আছড়ে পড়ল মাদ্রিদের উপকূলে। একের পর এক ব্রেকিং নিউজ, ভিনিসিয়ুস নন, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। এ খবর গোটা মাদ্রিদকে ঢেকে দিয়েছিল হতাশার চাদরে।

Post a Comment